ডেস্ক রিপোর্ট: ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় এবারের উচ্চমাধ্যমিক পরীক্ষার ফলাফলে সার্বিক হতাশার মাঝেও উজ্জ্বল সাফল্য দেখিয়েছেন নির্জনা ইসলাম লিজা। উপজেলার ক্যামব্রিয়ান স্কুল অ্যান্ড কলেজের বিজ্ঞান বিভাগ থেকে অংশ নিয়ে তিনি জিপিএ-৫ অর্জন করেছেন। তাঁর এই কৃতিত্বপূর্ণ ফলাফলে পরিবার, আত্মীয়স্বজন ও স্থানীয় শুভাকাঙ্ক্ষীদের মাঝে আনন্দের বন্যা বয়ে গেছে।
পৌরশহরের মসজিদপাড়ার হাজী মহল্লার বাসিন্দা লিজা সড়কবাজারের প্রয়াত ব্যবসায়ী রেজাউল ইসলাম শাহেদ ও রোজিনা ইসলাম লিপির মেয়ে। এর আগে তিনি মাধ্যমিক পরীক্ষায় অংশ নিয়েও জিপিএ-৫ অর্জন করেছিলেন। ফলে ধারাবাহিক সাফল্যের মাধ্যমে তিনি নিজের মেধা ও কঠোর অধ্যাবসায়ের স্বাক্ষর রেখে চলেছেন।
উপজেলা পর্যায়ে এবার মাত্র দুজন শিক্ষার্থী জিপিএ-৫ অর্জনের গৌরব অর্জন করেছেন, যার মধ্যে লিজা অন্যতম। প্রতিকূল ফলাফলের মধ্যেও এমন ব্যতিক্রমী সাফল্য পাওয়ায় এলাকায় বেশ প্রশংসিত হয়েছেন এই মেধাবী শিক্ষার্থী। তাঁর এই অর্জনে শিক্ষক ও এলাকাবাসীও আনন্দ প্রকাশ করেছেন।
ভবিষ্যতে একজন দক্ষ চিকিৎসক হয়ে সাধারণ মানুষের সেবা করতে চান লিজা। নিজের এই স্বপ্ন বাস্তবে রূপ দিতে তিনি এখন থেকেই সর্বাত্মক প্রস্তুতি নিচ্ছেন। কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে তিনি দেশবাসীর কাছে দোয়া প্রার্থনা করেছেন এবং তাঁর পরিবারও সবার সহযোগিতা কামনা করেছে।



































