লক্ষ্মীপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রথম উপাচার্য (ভাইস-চ্যান্সেলর) হিসেবে নিয়োগ পেয়েছেন নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) কোষাধ্যক্ষ (ট্রেজারার) এবং ফলিত গণিত বিভাগের গ্রেড-১ অধ্যাপক ড. মোহাম্মদ হানিফ মুরাদ।
রোববার (৭ জুন) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখার সহকারী সচিব মো. শাহ আলম সিরাজ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এই তথ্য জানানো হয়। প্রজ্ঞাপন অনুযায়ী, মহামান্য রাষ্ট্রপতি ও চ্যান্সেলরের অনুমোদনক্রমে ‘লক্ষ্মীপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আইন, ২০২৩’-এর ১০(১) ধারা অনুযায়ী তাঁকে এই পদে নিয়োগ দেওয়া হয়েছে। নোবিপ্রবির কোষাধ্যক্ষ পদ থেকে অব্যাহতির শর্তে আগামী চার বছর তাঁর এই নিয়োগ কার্যকর থাকবে।
অধ্যাপক ড. মোহাম্মদ হানিফ মুরাদ একাধারে একজন বিশিষ্ট শিক্ষাবিদ ও গবেষক। তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগ থেকে স্নাতক (সম্মান) ও স্নাতকোত্তর উভয় পরীক্ষায় প্রথম শ্রেণীতে প্রথম স্থান অর্জন করেন। পরবর্তীতে তিনি আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বরেণ্য গণিত ও ভৌত বিজ্ঞানী অধ্যাপক ড. জামাল নজরুল ইসলামের সরাসরি তত্ত্বাবধানে এমফিল ও পিএইচডি ডিগ্রি লাভ করেন। দেশী-বিদেশী আন্তর্জাতিক জার্নালে তাঁর ৩০টিরও বেশি গবেষণা প্রবন্ধ এবং আন্তর্জাতিক মানের একটি গবেষণা গ্রন্থ প্রকাশিত হয়েছে। দীর্ঘ কর্মজীবনে তিনি ২০০০ সাল থেকে চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) পূর্ণকালীন শিক্ষকতাসহ বেশ কিছু বেসরকারি বিশ্ববিদ্যালয়ে খণ্ডকালীন শিক্ষকতা করেছেন।
অধ্যাপনার পাশাপাশি তিনি দেশের বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ের বহিঃস্থ পরীক্ষক, বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশনের (পিএসসি) নিয়মিত পরীক্ষক এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় ও বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনসহ (ইউজিসি) বিভিন্ন সংস্থার অধীনে ১০টিরও বেশি গবেষণা প্রকল্পের পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছেন।
ড. হানিফ মুরাদ নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের একজন প্রতিষ্ঠাতা শিক্ষক ও প্রতিষ্ঠাতা রিজেন্ট বোর্ড সদস্য। তিনি এই বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠালগ্ন থেকে বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রশাসনিক ও একাডেমিক পদ, যেমন—প্রক্টর, প্রভোস্ট, ফলিত গণিত বিভাগের চেয়ারম্যান, বিজ্ঞান অনুষদের ডিন এবং সর্বশেষ বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ হিসেবে অত্যন্ত নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করেছেন।
ব্যক্তিগত জীবনে তিনি নোয়াখালী জেলার সুধারাম থানার বিনোদপুর ইউনিয়নের দক্ষিণ লক্ষ্মীপুর গ্রামের বাসিন্দা মরহুম আব্দুল মান্নান এবং মরহুমা শামসুন নাহার বেগমের তৃতীয় পুত্র। তিনি ১৯৮৮ সালে নোয়াখালীর ব্রাদার অ্যান্ড্রে উচ্চ বিদ্যালয় এবং ১৯৯০ সালে নোয়াখালী সরকারি কলেজের বিজ্ঞান বিভাগ থেকে প্রথম বিভাগে উত্তীর্ণ হন।
উপাচার্য হিসেবে নিয়োগ পাওয়ার পর এক প্রতিক্রিয়ায় অধ্যাপক ড. মোহাম্মদ হানিফ মুরাদ বলেন, “লক্ষ্মীপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রথম উপাচার্য হিসেবে দায়িত্ব পাওয়ায় মহান সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। একই সাথে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করছি মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান, মাননীয় শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহসানুল হক মিলন এবং পানি সম্পদমন্ত্রী ও লক্ষ্মীপুর সদর আসনের সংসদ সদস্য শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি ভাইয়ের প্রতি, যাঁরা আমার ওপর এই গুরুদায়িত্ব অর্পণে সদয় সম্মতি ও আস্থা প্রকাশ করেছেন।”
নোবিপ্রবি প্রতিষ্ঠার দীর্ঘ অভিজ্ঞতা নতুন এই বিশ্ববিদ্যালয়ের অগ্রযাত্রায় কাজে লাগানোর প্রত্যয় ব্যক্ত করে তিনি আরও বলেন, “প্রতিষ্ঠালগ্ন থেকে নোবিপ্রবিকে যেভাবে আজকের এই পর্যায়ে নিয়ে এসেছি, ঠিক সেভাবেই লক্ষ্মীপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়কেও একটি উন্নত, আধুনিক ও বিশ্বমানের উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে পরিণত করতে আমার সর্বোচ্চটুকু দিয়ে কাজ করে যাব। এই যাত্রায় আমি লক্ষ্মীপুরবাসীসহ সংশ্লিষ্ট সকলের আন্তরিক সহযোগিতা কামনা করি।”
























