নীলফামারী সদর উপজেলায় পুকুর থেকে স্বপন ইসলাম (২৮) নামে এক নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (১০ জুন) সকাল ১০টার দিকে সদর উপজেলার ইটাখোলা ইউনিয়নের মোজাহারের টারি এলাকার বাঁশঝাড় সংলগ্ন একটি পুকুর থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়। নিহত স্বপন ওই এলাকার তৈয়ব আলীর ছেলে।
পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা গেছে, স্বপন দীর্ঘদিন ধরে মৃগী রোগে আক্রান্ত ছিলেন। গত মঙ্গলবার (৯ জুন) দুপুরে রান্নার জ্বালানি হিসেবে খড়ি সংগ্রহ করতে বাড়ি থেকে বের হওয়ার পর তিনি আর ফিরে আসেননি। পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তাঁর কোনো সন্ধান পাননি। বুধবার সকালে বাড়ির পাশের পুকুরে তাঁর মরদেহ ভাসতে দেখেন এলাকাবাসী। এ সময় পুকুরপাড়ে তাঁর সংগ্রহ করা খড়ির একটি বোঝাও পড়ে থাকতে দেখা যায়।
বিষয়টি নিশ্চিত করে নীলফামারী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিল্লুর রহমান বলেন, খবর পেয়ে সদর থানা পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেছে। ধারণা করা হচ্ছে, খড়ি সংগ্রহের সময় হঠাৎ মৃগী রোগের খিঁচুনি উঠলে তিনি পুকুরে পড়ে যান এবং পানিতে ডুবে তাঁর মৃত্যু হয়। ঘটনাস্থলটি নির্জন হওয়ায় ঘটনার সময় কেউ বিষয়টি দেখতে পায়নি। পরিবারের কোনো অভিযোগ না থাকায় মরদেহ দাফনের জন্য স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে এবং এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা দায়ের করা হয়েছে।






















