টাঙ্গাইলের ধনবাড়ীতে নিয়ন্ত্রণহীন পিকআপের ধাক্কায় মোছা. সাদিয়া নামের নবম শ্রেণির এক স্কুলশিক্ষার্থী নিহত হয়েছে।
নিহত সাদিয়া ধনবাড়ী পৌরসভার নিজবর্ণী বকল বাড়ি এলাকার মো. আবু সাঈদের মেয়ে। সে পার্শ্ববর্তী শাহীন স্কুল ধনবাড়ী শাখার নবম শ্রেণির শিক্ষার্থী।
নিহতের পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, রবিবার (২৮ জুন) সকাল পৌনে ৭টার দিকে বাসা থেকে বের হয়ে প্রাইভেট পড়ার জন্য হেঁটে স্কুলের দিকে যাচ্ছিল সাদিয়া। সে ধনবাড়ী-জামালপুর আঞ্চলিক সড়কের খাদ্য গুদাম এলাকায় পৌঁছালে পেছন থেকে একটি ঘাতক পিকআপ (ঢাকা মেট্রো ন-২০-১৫৪৬) তাকে সজোরে ধাক্কা দেয়। দুর্ঘটনার পর চালক পিকআপটি ফেলে রেখে পালিয়ে যায়। পিকআপের ধাক্কায় সাদিয়া রাস্তার ওপর ছিটকে পড়ে ঘটনাস্থলেই মৃত্যুবরণ করে।
এই খবর পেয়ে ধনবাড়ী থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং ঘাতক পিকআপটি জব্দ করে থানায় নিয়ে যায়।
এ বিষয়ে ধনবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) নুরুল ইসলাম সিদ্দিকী জানান, রবিবার সকালে খাদ্য গুদাম এলাকার সামনে রাস্তা পারাপারের সময় পিকআপের ধাক্কায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নবম শ্রেণির শিক্ষার্থী সাদিয়া মারা গেছে। বিষয়টি অত্যন্ত বেদনাদায়ক। দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং ঘাতক পিকআপটি আটক করা হয়েছে। মরদেহের বিষয়ে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে স্বজনদের কাছে হস্তান্তরের ব্যবস্থা করা হচ্ছে।
ঘটনাটি শোনার পরপরই ধনবাড়ী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) নূরজাহান আক্তার সাথী নিহত সাদিয়ার বাড়িতে গিয়ে তার পরিবারের সাথে সাক্ষাৎ করে সমবেদনা প্রকাশ করেন এবং ঘটনাস্থল পরিদর্শন করেন।





























