পরীক্ষায় নকল করায় এক বছরের জন্য বহিষ্কার হয়েছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) আইন বিভাগের শিক্ষার্থী ও সিনেটে শিক্ষার্থী প্রতিনিধি আকিল বিন তালেব।
মঙ্গলবার (২৫ আগস্ট) বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক দপ্তরের প্রধান অধ্যাপক ড. হাসনাত কবির।
অধ্যাপক হাসনাত কবির বলেন, পরীক্ষায় নকল ধরার পর প্রশাসনের কাছে রিপোর্ট পাঠায় আইন বিভাগ। সেই পরিপ্রেক্ষিতে প্রশাসনের একটা কমিটি আছে তাদের সুপারিশে বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম সিন্ডিকেট তাকে এক বছরের জন্য বহিষ্কারের সিদ্ধান্ত নিয়েছে।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, গত ২ জানুয়ারি রবীন্দ্রনাথ ঠাকুর অ্যাকাডেমিক ভবনে আকিল বিন তালিব মাস্টার্সের চূড়ান্ত পরীক্ষায় নকল করতে গিয়ে ধরা পড়েন।
জানতে চাইলে আকিল বিন তালেব বলেন, ‘আমি এ বিষয়ে কিছু জানি না। আমাকে কিছু জানানো হয়নি।’
এ বিষয়ে আইন বিভাগের সভাপতি অধ্যাপক সাঈদা আঞ্জুর সাথে একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও তার বক্তব্য পাওয়া যায়নি।
প্রসঙ্গত, আকিল বিন তাকিব গত রাকসু নির্বাচনে সাবেক সমন্বয়ক সালাহউদ্দিন আম্মার ও মেহেদী সজীবের প্যানেল ‘আধিপত্যবিরোধী ঐক্য’ থেকে এজিএস পদে নির্বাচনের ঘোষণা দেন। পরে তিনি ওই প্যানেল থেকে বেড়িয়ে শুধু সিনেট ছাত্র প্রতিনিধি হিসেবে নির্বাচন করার ঘোষণা দেন। নির্বাচনে সাড়ে পাঁচ হাজারের অধিক ভোট পেয়ে সিনেটে ছাত্র প্রতিনিধি নির্বাচিত হন।






























