অর্থনীতি ডেস্ক: ব্যাংক খাতের জনসংযোগ কর্মকর্তাদের সংগঠন পাবলিক রিলেশনস অ্যাসোসিয়েশন অব ব্যাংকসের (পিআরএবি) নতুন নেতৃত্ব ঘোষণা করা হয়েছে। সিটি ব্যাংক পিএলসির হেড অব পিআর অ্যান্ড মিডিয়া ইয়াহিয়া মির্জা সংগঠনের সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন। অন্যদিকে ডাচ্-বাংলা ব্যাংকের পাবলিক অ্যাফেয়ার্স অ্যান্ড ব্র্যান্ড কমিউনিকেশন বিভাগের প্রধান নজরুল ইসলাম সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। সম্প্রতি একটি সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে দুই বছর মেয়াদী এই নতুন কমিটি গঠনের তথ্য জানানো হয়।
রাজধানীর একটি হোটেলে আয়োজিত প্রীতি সম্মেলনে সংগঠনটির নতুন নেতৃত্বের নাম আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়। পিআরএবির প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক মনিরুজ্জামান টিপু সম্মেলনে নতুন সভাপতি ও সাধারণ সম্পাদকের নাম ঘোষণা করেন। এই অনুষ্ঠানে সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি আতাউর রহমান, বর্তমান সভাপতি শামসুদ্দোহা শিমু ও সাধারণ সম্পাদক জালাল আহমেদ স্বপনসহ অনেক জ্যেষ্ঠ সদস্য উপস্থিত ছিলেন।
ঘোষিত এই নতুন নেতৃত্ব আগামী দুই বছর সংগঠনের কার্যক্রম পরিচালনা করবে। এছাড়া আগামী নভেম্বর মাসে সংগঠনের বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। সেই সভায় ৩৩ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কার্যনির্বাহী কমিটি গঠন করার কথা রয়েছে।
উল্লেখ্য, দেশের বিভিন্ন ব্যাংকের ব্র্যান্ড ও কমিউনিকেশন বিভাগের কর্মকর্তাদের নিয়ে ২০১১ সালে এই সংগঠনটির কার্যক্রম শুরু হয়েছিল। প্রতিষ্ঠার পর থেকেই ব্যাংকিং খাতের জনসংযোগ পেশাজীবীদের পেশাগত উন্নয়ন ও পারস্পরিক সম্পর্ক জোরদারে সংগঠনটি কাজ করে আসছে। নতুন এই কমিটির মাধ্যমে ব্যাংকিং খাতের যোগাযোগ কার্যক্রম আরও সুসংহত হবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করছেন।





































