বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) ক্যাম্পাসে শাখা ছাত্রদলের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান পালন করা হয়েছে।
রবিবার ( ১৩ সেপ্টেম্বর) দুপুর ২ টায় বিশ্ববিদ্যালয়ের হবিবুর রহমান হল প্রাঙ্গণে এ কর্মসূচি পালন করা হয়। এসময় ক্যাম্পাসের বিভিন্ন জায়গায় জমে থাকা ময়লা-আবর্জনা পরিষ্কার করা এবং মশার বংশবিস্তারের সম্ভাব্য স্থানগুলোতে পরিচ্ছন্নতা কার্যক্রম চালানো হয়।
অভিযানে ছাত্রদলের নেতাকর্মীরা ক্যাম্পাসের বিভিন্ন সড়ক, আশপাশের এলাকা ও শিক্ষার্থীদের চলাচলের স্থান পরিষ্কার করেন। পাশাপাশি ডেঙ্গু প্রতিরোধে শিক্ষার্থীদের সচেতন থাকার আহ্বান জানানো হয়।
এসময় শাখা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক মাহমুদুল হাসান মিঠু বলেন, ডেঙ্গু প্রতিরোধে শিক্ষার্থীদের সচেতন করতে আমরা লিফলেট বিতরণ ও পরিচ্ছন্নতা কার্যক্রম চালাচ্ছি। ডেঙ্গুর প্রজননস্থল ধ্বংসের পাশাপাশি শিক্ষার্থীদের নিজ নিজ আবাসস্থল ও আশপাশে পানি জমতে না দেওয়ার আহ্বান জানাচ্ছি।
সিনিয়র সহ-সভাপতি শাকিলুর রহমান সোহাগ বলেন, ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা ও সচেতনতা জরুরি। সবাইকে নিজ নিজ জায়গা থেকে ময়লা-আবর্জনা ও জমে থাকা পানি পরিষ্কার রাখতে হবে। বিশ্ববিদ্যালয় প্রশাসনের সঙ্গে সমন্বয় করে এ কার্যক্রম অব্যাহত থাকবে।
বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সভাপতি সুলতান আহমেদ রাহী বলেন, ডেঙ্গু প্রতিরোধে তিন মাসব্যাপী কর্মসূচি চলবে। প্রথম দুই দিন হলগুলোতে এবং পরবর্তীতে প্রতি সপ্তাহে নেতাকর্মীরা হল ও একাডেমিক ভবন পরিষ্কার করবেন। পাশাপাশি পুরো ক্যাম্পাস পরিচ্ছন্নতার আওতায় আনার জন্য প্রশাসনের কাছে দাবি জানানো হবে।
পরিচ্ছন্নতা অভিযানে শাখা ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, এর আগে গত ১২ সেপ্টেম্বর এক সংবাদ সম্মেলনে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান পরিচালনার ঘোষণা দেয় জাতীয়তাবাদী ছাত্রদল। ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে রোববার ও সোমবার (১৩ ও ১৪ সেপ্টেম্বর) সারাদেশের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে এ কর্মসূচি পালন করা হবে।
































