খেলা ডেস্ক: উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে পিএসজির বিপক্ষে ৪-২ গোলে হেরেছে স্প্যানিশ ক্লাব বার্সেলোনা। এই হারের মাধ্যমে চলতি মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে টানা ১১ ম্যাচ জয়ের পর হারের তেতো স্বাদ পেল কাতালান ক্লাবটি। প্যারিসের মাঠে অনুষ্ঠিত এই হাইভোল্টেজ লড়াইয়ের জন্য তার দল সর্বোচ্চ প্রস্তুত ছিল না বলে জানিয়েছেন বার্সেলোনা কোচ হান্সি ফ্লিক। রক্ষণে অভিজ্ঞ খেলোয়াড়দের অনুপস্থিতি এবং টানা খেলার ধকলের কারণে দলটি মাঠে ভুগেছে বলে তিনি উল্লেখ করেন।
ম্যাচে দেজিরে দুয়ের গোলে পিএসজি এগিয়ে যাওয়ার পর দ্বিতীয়ার্ধের শুরুতে সমতা ফেরান শাভি এস্পার্ত। লুকাস এরনঁদেজ স্বাগতিকদের আবার লিড এনে দেওয়ার পর চমৎকার গোলে ফের বার্সেলোনাকে ম্যাচে ফেরান লামিন ইয়ামাল। কিন্তু এরপর আর পেরে ওঠেনি সফরকারীরা এবং পাঁচ মিনিটের ব্যবধানে ভিতিনিয়া ও ফাবিয়া রুইসের গোলে আরও দুটি গোল খেয়ে বসে। দুই দল আক্রমণে সমানে-সমান থাকলেও গোলের জন্য ২২টি শট নিয়ে ১৫টি লক্ষ্যে রেখে এগিয়ে ছিল পিএসজি।
এই ম্যাচে বার্সেলোনা রক্ষণভাগের দুই গুরুত্বপূর্ণ খেলোয়াড় জুল কুন্দে ও এরিক গার্সিয়াকে পায়নি, এবং আগে থেকেই বাইরে আছেন আন্দ্রেয়াস ক্রিস্টেনসেন। এছাড়া লা লিগায় রেয়াল বেতিসের বিপক্ষে ম্যাচের পর বিরূপ আবহাওয়ার জন্য মাঝরাত পর্যন্ত বিমানবন্দরে অপেক্ষা করে দলের প্রস্তুতি পরিকল্পনা ব্যাহত হয়। প্রথমার্ধে চোট নিয়ে মাঠ ছাড়েন বার্সেলোনার দানি ওলমো এবং পিএসজির উসমান দেম্বেলে। তবে খেলোয়াড় ঘাটতি কিংবা টানা ম্যাচ খেলার ক্লান্তি, এসবকে কোচ কোনো অজুহাত হিসেবে দেখতে নারাজ।
ম্যাচ শেষে প্রতিপক্ষ পিএসজির প্রশংসা করে কোচ হান্সি ফ্লিক দলের আরও উন্নতির তাগিদ দিয়েছেন। তিনি জানান যে ট্রানজিশনে প্রতিপক্ষ দল অনেক দক্ষ ছিল এবং শেষ ১০ মিনিটে তাদের দলের খেলোয়াড়রাও সতেজ ছিলেন না। এই ম্যাচ থেকে অনেক ইতিবাচক দিক দেখার পাশাপাশি কিছু জায়গায় উন্নতির প্রয়োজন রয়েছে বলে তিনি মন্তব্য করেন। আগামী রোববার লা লিগায় রেয়াল মাদ্রিদের মুখোমুখি হওয়ার আগে এই ম্যাচটি বিশ্লেষণ করে দল আরও ভালোভাবে কাজ করবে বলে জানান তিনি।




































