প্রবাস ডেস্ক: জাপানের ইয়োকোহামার গ্যালারি শিমিজুতে প্রবাসী বাংলাদেশি চিত্রশিল্পী কামরুল হাসান লিপুর একক চিত্রপ্রদর্শনী শুরু হয়েছে। ‘ডট: দ্য বিগিনিং অব এভরিথিং’ বা ‘বিন্দু থেকে সৃষ্টি’ শিরোনামের এই প্রদর্শনীতে শিল্পীর মোট ৪১টি চিত্রকর্ম স্থান পেয়েছে। জাপানে দীর্ঘ প্রবাসজীবনেও তিনি ক্যানভাসে স্বদেশের মানুষ, প্রকৃতি ও লোকজ জীবনের স্মৃতিচারণ করে চলেছেন। মঙ্গলবার বিকেলে এক জাঁকজমকপূর্ণ আয়োজনের মাধ্যমে এই প্রদর্শনীর উদ্বোধন করা হয় এবং আগামী রোববার পর্যন্ত এটি চলবে।
উদ্বোধনী অনুষ্ঠানে জাপানের মাৎসুদো সিটি কাউন্সিলর মির কাজুয়ে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এছাড়া অনুষ্ঠানে অতিথি ও বক্তা হিসেবে অংশ নেন জাপানি চিত্রশিল্পী আসানো ইয়াসুনোরি, পেপার কাটিং শিল্পী মিতা চিকাকো এবং গ্যালারি শিমিজুর প্রতিনিধি শিমিজু কাজুএ। টোকিওর তোয়ো ইনস্টিটিউট অব আর্ট অ্যান্ড ডিজাইন থেকে পেইন্টিংয়ে অ্যাডভান্সড ডিপ্লোমা করা এই শিল্পীর কাজের বড় অংশজুড়ে রয়েছে নারীমুখ। শাড়ির ভাঁজ, ঐতিহ্যবাহী অলংকার এবং মুখের নানা অভিব্যক্তিতে তার চিত্রকর্মে বাংলার চিরচেনা রূপ ফুটে উঠেছে।
শিল্পীর শৈশবের স্মৃতি এবং জন্মভূমির সঙ্গে যোগসূত্র তার কাজের প্রধান অনুপ্রেরণা হিসেবে কাজ করেছে। আট বছর বয়সে তিনটি রংপেনসিল দিয়ে চিত্রাঙ্কন প্রতিযোগিতায় শাপলা এঁকে পুরস্কার পাওয়ার স্মৃতি থেকে এই প্রদর্শনীর ভাবনা এসেছে। প্রদর্শনীতে ‘দ্য বেড গার্ল’, ‘মাধবী’, ‘মৃণালিনী’, ‘বিয়ন্ড দ্য ব্লু’ এবং ‘দ্য শাড়ি অব স্টোরিজ’-এর মতো শিরোনামের কাজগুলো স্থান পেয়েছে। পাশাপাশি তার চিত্রশৈলীতে লোকজ অলংকরণ ও রিকশাচিত্রের রঙিন আবহ এবং লাল–সবুজের বিন্যাস ফুটিয়ে তোলা হয়েছে।
এর আগে শিল্পী লিপু ইয়োকোহামা পোর্ট ইন্ডিপেন্ডেন্ট প্রদর্শনী এবং সেয়া আর্ট এক্সিবিশনে আমন্ত্রিত শিল্পী হিসেবে অংশ নেওয়ার অভিজ্ঞতা অর্জন করেন। এছাড়া তিনি ‘কাহাল আর্ট গ্রুপ’ প্রতিষ্ঠা করে বাংলাদেশ ও জাপানের শিল্পীদের নিয়ে যৌথভাবে কাজ করে যাচ্ছেন। নারীমুখ ও প্রকৃতির নান্দনিক উপস্থাপনার মাধ্যমে এই প্রদর্শনীটি দুই দেশের শিল্প সংস্কৃতির মেলবন্ধনে বিশেষ ভূমিকা রাখছে।





































