শিক্ষা ডেস্ক: উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষায় এক থেকে দুই বিষয়ে ফেল করা শিক্ষার্থীদের জন্য সম্পূরক পরীক্ষার আয়োজনের উদ্যোগ নেওয়া হয়েছে। ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক জেসমিন তাসলিমা বানুর সই করা এক কর্মপরিকল্পনায় এই তথ্য জানানো হয়। আগামী ২ ডিসেম্বর থেকে এই বিশেষ পরীক্ষা শুরুর সম্ভাব্য সময় নির্ধারণ করা হয়েছে। তবে প্রশ্নপত্র তৈরি এবং আনুষঙ্গিক প্রক্রিয়া শেষ হওয়ার পর পরীক্ষার নির্দিষ্ট রুটিন চূড়ান্ত করা হবে।
শিক্ষাবোর্ডের পরিকল্পনা অনুযায়ী, আগামী ১ থেকে ২০ নভেম্বর পর্যন্ত সম্পূরক পরীক্ষার প্রশ্নপত্র তৈরির কাজ সম্পন্ন করা হবে। এছাড়া এই পরীক্ষার ফল প্রকাশের জন্য আগামী ৩১ ডিসেম্বর তারিখ নির্ধারণ করা হয়েছে। পুনর্নিরীক্ষার ফল প্রকাশের পর নির্ধারিত হবে কোন শিক্ষার্থীরা এই সম্পূরক পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ পাবেন। বোর্ডের পক্ষ থেকে পুরো প্রক্রিয়াটি নির্দিষ্ট সময়ের মধ্যে শেষ করার জন্য বিভিন্ন ধাপের সময়সীমা নির্ধারণ করা হয়েছে।
অন্যদিকে, এইচএসসি পরীক্ষার ফল পুনর্নিরীক্ষণের আবেদন প্রক্রিয়া আগামী ১ নভেম্বর থেকে শুরু হয়ে ৭ নভেম্বর পর্যন্ত চলবে। শিক্ষার্থীরা অনলাইনের মাধ্যমে এই আবেদন করার সুযোগ পাবেন এবং বুয়েটের সহায়তায় পরবর্তী কার্যক্রম পরিচালিত হবে। আগামী ৮ নভেম্বর বুয়েটের কাছ থেকে আবেদনকারীদের সব তথ্য সংগ্রহ করা হবে। এরপর ৯ থেকে ১২ নভেম্বর পর্যন্ত খাতা দেখার জন্য পরীক্ষক নিয়োগ ও উত্তরপত্র সংগ্রহের কাজ চলবে।
ধারাবাহিক এই কর্মপরিকল্পনার অংশ হিসেবে ১৩ থেকে ১৯ নভেম্বর পর্যন্ত উত্তরপত্রগুলো পুনরায় মূল্যায়ন করা হবে। আগামী ২৭ নভেম্বর ফল পুনর্নিরীক্ষণের চূড়ান্ত ফলাফল প্রকাশ করা হবে বলে জানানো হয়েছে। এই ফল প্রকাশের পরপরই সম্পূরক পরীক্ষায় বসার যোগ্যতা অর্জনকারী শিক্ষার্থীদের তালিকা ও চূড়ান্ত সূচি আনুষ্ঠানিকভাবে জানিয়ে দেওয়া হবে।




































