লাইফস্টাইল ডেস্ক: রান্নার বিভিন্ন ধরনের হাঁড়ি-পাতিল ও তৈজসপত্র সঠিক যত্ন নিলে দীর্ঘদিন নতুনের মতো ব্যবহার করা সম্ভব। তবে অনেকেই তাড়াহুড়ো করে বা না বুঝে সব পাত্রে একই ধরনের সাবান ও ক্ষারযুক্ত ডিটারজেন্ট ব্যবহার করেন। বিশেষজ্ঞদের মতে, তীব্র ক্ষারযুক্ত উপাদান পাত্রের স্থায়িত্ব এবং উজ্জ্বলতা দ্রুত নষ্ট করে দেয়। তাই পাত্রের উপাদান অনুযায়ী নির্দিষ্ট নিয়ম মেনে হাত দিয়ে ধোয়া উচিত।
খাদ্য নিরাপত্তা বিশেষজ্ঞ বেটি গোল্ডের নির্দেশনা অনুযায়ী, যেকোনো পাত্র ধোয়ার আগে ঘরের স্বাভাবিক তাপমাত্রায় সম্পূর্ণ ঠান্ডা করে নেওয়া জরুরি। গরম পাত্রে হঠাৎ ঠান্ডা পানি ঢাললে তাপমাত্রার আকস্মিক পরিবর্তনে সেগুলোর আকৃতি নষ্ট হয়ে যেতে পারে। কাস্ট আয়রন বা লোহার কড়াইয়ের ক্ষেত্রে পানিতে ভিজিয়ে না রেখে গরম পানি দিয়ে ধুয়ে শুকিয়ে তেল মেখে রাখতে হয়। নন-স্টিক পাত্রের ক্ষেত্রে খসখসে মাজন বা রান্নার স্প্রে ব্যবহার না করে নরম স্পঞ্জ ও মৃদু সাবান ব্যবহার করা শ্রেয়।
স্টেইনলেস স্টিলের পাত্রের জেদি দাগ দূর করতে বিশেষ নন-স্ক্র্যাচ ক্লিনিং পাউডার দিয়ে স্টিলের লাইনের অভিমুখ অনুযায়ী ঘষতে হবে। অ্যানোডাইজড অ্যালুমিনিয়ামের কালচে ছোপ দূর করতে পানিতে ক্রিম অব টারটার মিশিয়ে ফুটিয়ে নিতে হয়। তামার পাত্রের উজ্জ্বলতা ধরে রাখতে লেবুর সঙ্গে লবণ মিশিয়ে ঘরোয়া উপায়ে পলিশ করা যায়। সিরামিক পাত্র পরিষ্কারের ক্ষেত্রে স্টিলের ব্রাশ ব্যবহার না করে কুসুম গরম পানি ও মৃদু সাবান ব্যবহার করা উচিত।
অসাবধানতাবশত কোনো পাত্র পুড়ে গেলে তীব্র কেমিক্যাল এড়িয়ে ঘরোয়া পদ্ধতি অবলম্বন করা যেতে পারে। পাত্রে লেবু ফুটিয়ে, ভিনেগার ও বেইকিং সোডার মিশ্রণ ব্যবহার করে কিংবা সোডার পানিতে ডুবিয়ে পোড়া দাগ সহজেই দূর করা সম্ভব। এসব নিয়ম মেনে চললে রান্নাঘরের শখের তৈজসপত্রগুলো দীর্ঘদিন সুন্দর ও টেকসই থাকে।





































