নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) তৃতীয় সমাবর্তনে অংশগ্রহণের জন্য নিবন্ধনের সময়সীমা বাড়ানো হয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ২২ নভেম্বর রাত ১২টা পর্যন্ত শিক্ষার্থীরা নিবন্ধন করতে পারবেন।
সোমবার (৯ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার দপ্তরের শিক্ষা শাখা থেকে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী ২৪ জানুয়ারি ২০২৭ বিশ্ববিদ্যালয়ের তৃতীয় সমাবর্তন অনুষ্ঠিত হবে। এতে অংশগ্রহণের জন্য নিবন্ধনের সময়সীমা ২২ নভেম্বর ২০২৬ রাত ১২টা পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে।
এতে বিশ্ববিদ্যালয়ের সংশ্লিষ্ট ডিগ্রি ও প্রোগ্রাম সম্পন্নকারী শিক্ষার্থীদের নির্ধারিত সময়ের মধ্যে নিবন্ধন সম্পন্ন করার অনুরোধ জানানো হয়েছে। নিবন্ধনের জন্য শিক্ষার্থীদের https://convocation.nstu.edu.bd ওয়েবসাইটে প্রবেশ করতে হবে।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, সমাবর্তনসংক্রান্ত বিস্তারিত তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট (www.nstu.edu.bd) এবং সমাবর্তনের নির্ধারিত ওয়েবসাইটে পাওয়া যাবে।
সমাবর্তনসংক্রান্ত কারিগরি সহায়তার জন্য ০১৮৬৬-২২৩৫০০ নম্বরে, পরীক্ষা নিয়ন্ত্রক দপ্তরে ০১৮১৫-১৮২০২৬ নম্বরে এবং রেজিস্ট্রার দপ্তরে ০১৩১০-৭২৪৯৮৮ ও ০১৭২০-১৯৭৮২৪ নম্বরে যোগাযোগ করা যাবে। এ ছাড়া registrar@office.nstu.edu.bd ই-মেইলেও যোগাযোগের সুযোগ রয়েছে।


































