রাজনীতি ডেস্ক: ভারতের রাজধানী দিল্লিতে জাতীয় পতাকা নিয়ে মিছিলের ডাক দেওয়া ককরোচ জনতা পার্টির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকের বাড়িতে পৌঁছেছে পুলিশ। কনট প্লেসের সেন্ট্রাল পার্কে প্রস্তাবিত ‘লহরা দো তিরঙ্গা’ মিছিল বন্ধ রাখার নির্দেশ দিয়ে তাকে একটি নোটিশ দেওয়া হয়েছে। ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতার ১৬৩ ধারা উল্লেখ করে এই কর্মসূচি আয়োজনের বিরুদ্ধে তাকে সতর্ক করা হয়েছে। এই পরিস্থিতিকে কেন্দ্র করে দিল্লির রাজনৈতিক অঙ্গনে নতুন করে উত্তেজনা দেখা দিয়েছে।
ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন প্রক্রিয়ায় অনিয়ম ও বহু ভোটারের নাম বাদ পড়ার অভিযোগ তুলে দীর্ঘদিন ধরে আন্দোলন চালিয়ে আসছে সিজেপি। পাশাপাশি, নির্বাচন কমিশনের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবি জানিয়েছে দলটি। এই আন্দোলন চলাকালে সিজেপির দুই নেতা সৌরভ দাস ও আশুতোষ রানকাকে গ্রেপ্তার করা হয়। তাদের আটকের প্রতিবাদের অংশ হিসেবেই সম্প্রতি জাতীয় পতাকা নিয়ে এই মিছিলের ঘোষণা দেওয়া হয়েছিল।
পুলিশের এই নোটিশ এবং পদক্ষেপের তীব্র প্রতিক্রিয়া জানিয়ে অভিজিৎ দীপকে এটিকে এক ধরনের তামাশা বলে আখ্যায়িত করেছেন। সহিংসতায় উসকানি দেওয়ার অভিযোগের জবাবে তিনি পুলিশকে চ্যালেঞ্জ করে বলেছেন, তার বিরুদ্ধে এমন কোনো ভিডিও থাকলে তা দেখাতে হবে। সাদা কাগজে দেওয়া এই নোটিশের কারণে তিনি গ্রেপ্তার হতে পারেন বলেও আশঙ্কা প্রকাশ করেছিলেন। এর আগে সংবাদ সম্মেলনে তিনি জানিয়েছেন, জাতীয় পতাকা ওড়ানো অপরাধ হলে সেই অপরাধের দায়ে জেলে যেতেও তিনি প্রস্তুত।
আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে কনট প্লেসের সেন্ট্রাল পার্ক নির্দিষ্ট কয়েকদিন সাধারণ মানুষের জন্য বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে নয়াদিল্লি পৌরসভা। সিজেপির পক্ষ থেকে শান্তিপূর্ণভাবে জাতীয় পতাকা নিয়ে মিছিল করার অধিকার দাবি করা হলেও, প্রশাসন ব্যস্ত বাণিজ্যিক এলাকায় নিরাপত্তা নিয়ে কড়া অবস্থানে রয়েছে। আদালতের নির্দেশ অনুযায়ী আইনশৃঙ্খলা বজায় রাখতে পুলিশ প্রয়োজনীয় সব পদক্ষেপ গ্রহণ করেছে।







































