অপরাধ ডেস্ক: খাগড়াছড়ি সদর উপজেলায় বিশেষ চেকপোস্টে তল চালিয়ে তিন হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই তরুণ-তরুণীকে আটক করেছে পুলিশ। সোমবার বেলা পৌনে ১২টার দিকে সদর উপজেলার গোলাবাড়ী ইউনিয়নের ময়লারটিলা এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। খাগড়াছড়ি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কায় কিসলু এই আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ জানিয়েছে, আলুটিলাগামী সড়কের ময়লারটিলা এলাকায় জুম আবাসিক হোটেল অ্যান্ড রেস্টুরেন্টের সামনে নিয়মিত চেকপোস্ট পরিচালনা করা হচ্ছিল। ওই সময় সন্দেহভাজন হিসেবে ওই তরুণ-তরুণীকে থামিয়ে তল্লাশি চালানো হলে তাদের কাছ থেকে বড় চালানের এই ইয়াবা উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা স্বীকার করেছেন যে, নিষিদ্ধ এসব মাদকদ্রব্য চট্টগ্রাম থেকে সংগ্রহ করে খাগড়াছড়ির বিভিন্ন স্থানে বিক্রির উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিলেন।
গ্রেপ্তারকৃতদের পরিচয় প্রকাশ করে পুলিশ জানিয়েছে, আটক যুবকের নাম আবু বক্কর সিদ্দিক ওরফে মামুন হোসেন (২৮), যিনি সদর উপজেলার ভাইবোনছড়ার বাসিন্দা। আর তরুণী সাদিয়া আক্তার (২০) চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার সরফভাটা এলাকার বাসিন্দা। পুলিশের নথিপত্র অনুযায়ী, আবু বক্করের বিরুদ্ধে এর আগেও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন এবং নারী ও শিশু নির্যাতন দমন আইনে তিনটি মামলা রয়েছে।
উদ্ধারকৃত ইয়াবাসহ আটক দুজনের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে একটি নতুন মামলা দায়ের করা হয়েছে। পরে আইনি প্রক্রিয়া সম্পন্ন করে তাদের আদালতে সোপর্দ করা হয়েছে বলে নিশ্চিত করেছেন সদর থানার ওসি কায় কিসলু। মাদকের বিরুদ্ধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে।




































