রবীন্দ্র বিশ্ববিদ্যালয়, বাংলাদেশের নতুন উপ-উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পেইন্টিং, ওরিয়েন্টাল আর্ট এন্ড প্রিনটমেকিং বিভাগের প্রফেসর ড. মো. আব্দুস সোবাহান।
গত ২৭ জুলাই (সোমবার) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ থেকে মহামান্য রাষ্ট্রপতি ও চ্যান্সেলরের অনুমোদনক্রমে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে। সহকারী সচিব মো. সুলতান আহমেদ স্বাক্ষরিত ওই প্রজ্ঞাপনে এই নিয়োগের শর্তাবলী উল্লেখ করা হয়েছে।
শর্তগুলো হলো,যোগদানের তারিখ হতে ৪ (চার) বছর অথবা বয়স পূর্তিতে অবসর গ্রহণের তারিখ—এর মধ্যে যা পূর্বে ঘটে, সেই সময় পর্যন্ত তিনি স্বীয় পদে বহাল থাকবেন।উপযুক্ত পদে তিনি তাঁর বর্তমান পদের সমপরিমাণ বেতন-ভাতা ও আনুষঙ্গিক সুবিধা প্রাপ্ত হবেন। তিনি বিধি অনুযায়ী পদসংশ্লিষ্ট অন্যান্য সুবিধা ভোগ করবেন এবং সার্বক্ষণিকভাব বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে অবস্থান করবেন।
তিনি বিশ্ববিদ্যালয়ের আইন ও সংবিধি দ্বারা নির্ধারিত এবং ভাইস চ্যান্সেলর কর্তৃক প্রদত্ত ক্ষমতা প্রয়োগ ও দায়িত্ব পালন করবেন। মহামান্য রাষ্ট্রপতি ও চ্যান্সেলর প্রয়োজনে যে কোনো সময় এ নিয়োগ বাতিল করতে পারবেন।
জনস্বার্থে জারিকৃত এই আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে জানানো হয়েছে।






























