আইন-আদালত ডেস্ক: নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে দায়ের করা তুহিন হত্যা মামলায় সিটি করপোরেশনের সাবেক মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভীর পুনর্জামিনের আবেদন মঞ্জুর করেছেন আদালত। সম্প্রতি নারায়ণগঞ্জের দায়রা জজ আদালতে সশরীরে হাজির হয়ে তিনি জামিনের আবেদন করেন। শুনানি শেষে আদালতের বিচারক আবু শামীম আজাদ এই জামিন মঞ্জুর করেন।
মামলার বিবরণী থেকে জানা যায়, সিদ্ধিরগঞ্জ থানায় দায়েরকৃত এই হত্যা মামলায় নারায়ণগঞ্জ-৪ আসনের সাবেক সংসদ সদস্য শামীম ওসমানকে প্রধান আসামি করা হয়েছে। এজাহারভুক্ত আসামির তালিকায় আরও রয়েছেন সাবেক সংসদ সদস্য নজরুল ইসলাম বাবু, গোলাম দস্তগীর গাজী, কায়সার হাসনাত, শামীম ওসমানের ছেলে অয়ন ওসমান ও ভাতিজা আজমেরী ওসমানসহ মোট ৯৯ জন। এছাড়া এই মামলায় অজ্ঞাতনামা আরও তিনশ জনকে আসামি করা হয়েছে।
আইভীর আইনজীবী আওলাদ হোসেন জানান, নির্ধারিত দিনে সিদ্ধিরগঞ্জের তুহিন হত্যা মামলার চূড়ান্ত প্রতিবেদনের শুনানি এবং মেয়র আইভীর পুনর্জামিনের দিন ধার্য ছিল। তারা আদালতে পুনর্জামিনের আবেদন করলে বিচারক তা মঞ্জুর করেন।
এদিকে আদালত প্রাঙ্গণ থেকে বের হয়ে গাড়িতে ওঠার সময় ‘জয় বাংলা’ স্লোগান দেন সাবেক মেয়র আইভী। তিনি ‘জয় বাংলাকে দমিয়ে রাখা যাবে না’ স্লোগান দিয়ে আদালত এলাকা ত্যাগ করেন।





































